সারাদেশ

বন্দরে গ্যাস লিকেজ থেকে আগুন: সন্তানের পর মারা গেলেন মা-ও, আশঙ্কাজনক বাবা

প্রিন্ট
বন্দরে গ্যাস লিকেজ থেকে আগুন: সন্তানের পর মারা গেলেন মা-ও, আশঙ্কাজনক বাবা

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, রাত ১২:০২

নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক ঘরের গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শিশুসন্তানের পর এবার মা বিউটি আক্তারও মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ৮ বছর বয়সী শিশুসন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই দুর্ঘটনায় বিউটির স্বামী রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৪) শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি নাটোর জেলা থেকে এসে গত এক বছর ধরে নারায়ণগঞ্জের ঐ টিনের ঘরে ভাড়া থাকত।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রাথমিক তদন্তের বরাতে জানান, ঘরটির সঙ্গেই রান্নাঘর অবস্থিত ছিল। তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা হওয়া গ্যাসে আগুন লেগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।