সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ গৃহবধূ উধাও: নেপথ্যে কবিরাজি প্রতারণা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ গৃহবধূ উধাও: নেপথ্যে কবিরাজি প্রতারণা

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১:৪৪

নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে তানজিলা আক্তার তুলি (২৭) নামে এক গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৃহবধূ সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের হাজী মো. আলী আজমের পুত্রবধূ।

কেবল টাকা ও স্বর্ণ নিয়ে পলায়নই নয়, ওই গৃহবধূর বিরুদ্ধে কবিরাজি করার নামে এলাকার সাধারণ মানুষকে পানিপড়া খাইয়ে ও উন্নতির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বসে নেই। গৃহবধূর স্বামী মো. রুবেল (৩২) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া তার শাশুড়ি রাবেয়া বেগম (৫৫) বাদী হয়ে আদালতে একটি ফৌজদারি মামলা (মামলা নং-২৮৪) দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, হাজী আলী আজমের পরিবার এলাকায় অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত হলেও পুত্রবধূ তুলি ছিলেন উশৃঙ্খল প্রকৃতির। বিয়ের কিছুদিন পর থেকেই তার আসল রূপ প্রকাশ পেতে থাকে। তার বেপরোয়া জীবনযাপনে বাধা দিলে তিনি শ্বশুরবাড়ির লোকজনকে প্রশাসনের ভয় দেখাতেন এবং মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি দিতেন। মান-সম্মানের ভয়ে পরিবারটি এতদিন তার অত্যাচার মুখ বুজে সহ্য করে আসছিল।

এদিকে অভিযুক্ত তানজিলা আক্তার তুলির সন্ধান দিতে পারলে পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও আদালত সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করছেন।