সারাদেশ

শীতলক্ষ্যায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

প্রিন্ট
শীতলক্ষ্যায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:১৫

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এলাকার পশ্চিম গেট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েক দিন আগের। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।