সারাদেশ

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালান শামীম ওসমান: ট্রাইব্যুনালে প্রসিকিউশন

প্রিন্ট
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালান শামীম ওসমান: ট্রাইব্যুনালে প্রসিকিউশন

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩৮

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান নিজে অস্ত্র হাতে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে প্রসিকিউশন। গতকাল রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই অভিযোগ উত্থাপন করা হয়।

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, শামীম ওসমান এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি বলেন, শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি চালিয়েছেন। ট্রাইব্যুনালে তার একটি অডিও ক্লিপ শোনানো হয়েছে। এছাড়া ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে নিজস্ব সশস্ত্র বাহিনী ও মামলার অন্য ১১ আসামিকে সাথে নিয়ে তিনি এই তাণ্ডব চালান।

মামলার উল্লেখযোগ্য তথ্যাদি ১৮টি ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, ৩০০ পৃষ্ঠার দালিলিক নথি এবং ৬১ জন চাক্ষুষ সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়েছে।

শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জন। বর্তমানে সকল আসামি পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আদালত।

প্রধান তিনটি অভিযোগে মোট ১০ জনকে হত্যার বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জুলাই শিশু রিয়াসহ ৬ জন, ২১ জুলাই ২ জন এবং ৫ আগস্ট ২ জনকে হত্যার ঘটনা উল্লেখ রয়েছে।

প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আবেদনের প্রেক্ষিতে আসামিপক্ষ সময় আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১৯ জানুয়ারি এই ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।