সারাদেশ

দাখিল পরীক্ষার্থীদের বাড়িতে উপহার নিয়ে মাদরাসা সভাপতির হাজির

প্রিন্ট
দাখিল পরীক্ষার্থীদের বাড়িতে উপহার নিয়ে মাদরাসা সভাপতির হাজির

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১:০২

সারাদেশে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের দাখিল ও এসএসসি পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন।

পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে ও পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি। সোমবার (১৯ এপ্রিল) রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর, কল্যাণপুর ও কচুয়াসহ বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন খাতা, কলম ও পেনসিল।

এ সময় তিনি পরীক্ষার্থীদের প্রস্তুতির খোঁজ নেন এবং ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন এবং সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন। এ কার্যক্রমে তার সঙ্গে ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে শ্রীপুর উপজেলা বিআরডিবি অফিসার ও মাদরাসা সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, শিক্ষার্থীদের ভীতি দূর করে আত্মবিশ্বাস জোগাতেই আমি সরাসরি তাদের কাছে গিয়েছি। আশা করি, এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে উৎসাহিত হবে।

মাদরাসা সভাপতির এমন ব্যক্তিগত তদারকি ও উৎসাহমূলক কর্মকাণ্ডে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও সৃজনশীলতার পথে দারুণভাবে অনুপ্রাণিত করবে।