সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ৩ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ৩ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, রাত ১১:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাইসেন্সবিহীন ব্যবসা ও অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) বিকেলে শিমরাইল মোড়ের চান সুপার মার্কেট ও বদরুদ্দীন সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। এসময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ড্রাগ লাইসেন্স না থাকায় রাদিকা মেডিসিন কর্নার ও জে ফার্মাসহ তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ফার্মেসিকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে সতর্ক করা হয়েছে এবং বেশ কিছু অনুমোদনহীন ফুড প্রোডাক্ট জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফার্মেসি মালিক অভিযোগ করেন, অনেক চিকিৎসক প্রেসক্রিপশনে ফুড প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট লিখে দেন। রোগীদের চাহিদার কারণে এসব পণ্য দোকানে রাখা হয়। কিন্তু অভিযানের সময় ড্রাগ প্রশাসন এগুলোকে অবৈধ ঘোষণা করে দোকানদারদের জরিমানা করে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলা ঔষধ প্রশাসন জানায়, জনস্বাস্থ্য রক্ষায় ফার্মেসিগুলোতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।