সোমবার (২০ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা কদমরসুল কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মিনহাজুল ইসলাম ও তার সহপাঠী ফাতেমা খাতুন তানিয়া কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। দুপুর ১টার দিকে নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠের কাছে পৌঁছালে ওতপেতে থাকা একদল বখাটে দেশীয় অস্ত্রের মুখে তাদের পথরোধ করে। বখাটেরা মিনহাজুলের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তানিয়ার কানের স্বর্ণের দুল জোরপূর্বক খুলে নেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় মিনহাজুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে হাজীগঞ্জ এলাকার সানি ও সোয়াব এবং ইসলামবাগ এলাকার লাবিব, নাঈম ও সীমান্তের নাম উল্লেখ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত