সারাদেশ

ফতুল্লায় ঝুটের গুদামসহ বেশ কিছু দোকানপাটে ভয়াবহ আগুন

প্রিন্ট
ফতুল্লায় ঝুটের গুদামসহ বেশ কিছু দোকানপাটে ভয়াবহ আগুন

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ঝুটের গুদাম ও দোকানপাট ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সস্তাপুর এলাকার জেলা কারাগার সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী চায়ের দোকান, মোটরসাইকেলের শোরুম ও অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। ঝুট গুদামে প্রচুর পরিমাণে দাহ্য ও তুলা জাতীয় কাপড় থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও উৎসুক জনতার ভিড়ের কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা আগুন নেভাতে অত্যন্ত ব্যস্ত। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকান ও গুদামের মালামাল পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।