সারাদেশ

বন্দরে গৃহপরিচারিকাকে ধর্ষণ ও চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

প্রিন্ট
বন্দরে গৃহপরিচারিকাকে ধর্ষণ ও চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, রাত ১১:০৭

নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহপরিচারিকাকে ধর্ষণ ও পরবর্তীতে বিচার চাওয়ায় তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে লম্পট বাড়িওয়ালা বাবুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী গত ২ মাস ধরে ফুলহর এলাকার বাবুল মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। গত ১৭ এপ্রিল সকালে বাবুলের স্ত্রী বাসায় না থাকার সুযোগে বাবুল মিয়া ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন।

বিকেলে বাবুলের স্ত্রী রজিনা সুলতানা রজি বাসায় ফিরলে ভুক্তভোগী নারী তার কাছে ধর্ষণের বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল ও তার স্ত্রী মিলে ওই গৃহপরিচারিকাকে বেদম মারধর করেন এবং একপর্যায়ে মাথার চুল কেটে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল মিয়া ও তার স্ত্রীকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ৩৭)। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ামাত্রই প্রধান আসামিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি (বাবুলের স্ত্রী) পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।