পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি পূর্বপাড়া এলাকার ফল ব্যবসায়ী মো. আজিজুল হক বাদী হয়ে সালাউদ্দিনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। তিনি বাজারের প্রতিটি দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন এবং চাঁদা না দিলে ব্যবসায়ীদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিতেন।
ভুক্তভোগী আজিজুল হক জানান, সম্প্রতি অসুস্থতার কারণে তিনি চাঁদা দিতে না পারায় সালাউদ্দিন তার ওপর ক্ষুব্ধ হন। গত শক্রবার ২৪ এপ্রিল তিনি দোকানে বসতে গেলে সালাউদ্দিন তার দলবল নিয়ে হামলা চালায়। এসময় আজিজুল হক ও তার ছেলেকে মারধর করা হয় এবং প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলায় সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে এলাকায় বাজার দখল ও একাধিক মারধরের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ে তিনি এলাকায় দীর্ঘ দিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
মতামত