সারাদেশ

বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রিন্ট
বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, রাত ১০:৪২

খুলনার বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় তৌহিদী জনতা। গতকাল সোমবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর বাজারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সংস্থাটি নারী ও শিশু অধিকার এবং সংখ্যালঘু অধিকার নিশ্চিত করার আড়ালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ঘাসফুল ফাউন্ডেশনের লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মতিন সিদ্দিকী ও পরিচালক এলিনা পারভীন ইমার অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ২০-২৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের খোঁজে তাদের বাড়িতে হানা দেয়। তাদের না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নাস্তিক আখ্যা দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান মো. মতিন সিদ্দিকী ও পরিচালক এলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। এলাকায় এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।