সারাদেশ

সোনারগাঁয়ে ৩ শিক্ষক দিয়ে চলছে ৩১৩ শিক্ষার্থীর পাঠদান

প্রিন্ট
সোনারগাঁয়ে ৩ শিক্ষক দিয়ে চলছে ৩১৩ শিক্ষার্থীর পাঠদান

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, রাত ৯:১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অবস্থিত ৩৯নং কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চরম শিক্ষক সংকটে ধুঁকছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩১৩ জন শিক্ষার্থীর বিপরীতে পাঠদান করছেন মাত্র তিনজন শিক্ষিকা। নেই কোনো স্থায়ী প্রধান শিক্ষকও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে কাগজে-কলমে চারজন শিক্ষিকা থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে বাকি তিনজনকে প্রতিদিন ছয়টি শ্রেণির ক্লাস সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বিদ্যালয়টি ভৌগোলিকভাবে সোনারগাঁয়ে হলেও দাপ্তরিকভাবে এখনো বন্দর উপজেলার আওতায় রয়েছে। উপজেলা সদর থেকে যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় শিক্ষকরা এখানে আসতে চান না, আর আসলেও দ্রুত বদলি হয়ে চলে যান। শিক্ষার্থী, ৩১৩ জন। শিক্ষক পদে থাকার কথা কমপক্ষে ৭ জন, বর্তমানে আছেন মাত্র ৩ জন। প্রধান শিক্ষক ১ বছর ধরে পদটি শূন্য, ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম। কর্মরত তিনজনের মধ্যে একজনের বদলির আদেশ রয়েছে, যা কার্যকর হলে সংকট আরও তীব্র হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতাজ আক্তার বলেন, সীমিত জনবল নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অভিভাবকরা শঙ্কা প্রকাশ করে জানান, এভাবে চললে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।

এ বিষয়ে বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন জানান, শিক্ষক সংকটের বিষয়টি দপ্তরের জানা আছে। সরকারি নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং নতুন শিক্ষক নিয়োগ হওয়ামাত্রই এই বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে।