সারাদেশ

বন্দরে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট

প্রিন্ট
বন্দরে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, রাত ৯:২৭

নারায়ণগঞ্জের বন্দরে গরু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে ও অস্ত্র ঠেকিয়ে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে প্রতারক কুতুব উদ্দীনের (২৮) নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত কুতুব উদ্দীন ঝিনাইদহের মহেশপুর থানার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, মদনপুর এলাকার মাংস ব্যবসায়ী আলমগীরের সঙ্গে পূর্ব পরিচয়ের সুবাদে কুতুব উদ্দীন তাকে ফোন করে নবীগঞ্জে দুটি গাভী গরু বিক্রির কথা জানান। তার কথায় বিশ্বাস করে আলমগীর সাড়ে ৩ লাখ টাকা নিয়ে নবীগঞ্জ পৌঁছালে কুতুব তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা ৩/৪ জন সশস্ত্র সন্ত্রাসী আলমগীরকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী আলমগীর হোসেন অভিযোগ করেন, ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ চারবার ফোন করলেও পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেনি। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।