সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে লুটের পিস্তল ও গুলি উদ্ধার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে লুটের পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, বিকাল ৪:১৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে, অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালে ঝোপঝাড়ের ভেতর কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে আছে। পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।