সারাদেশ

বন্দরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, কৃত্রিম বন্যায় জনজীবন বিপর্যস্ত

প্রিন্ট
বন্দরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, কৃত্রিম বন্যায় জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ১১:১০

নারায়ণগঞ্জের বন্দরে গত তিন দিনের টানা বর্ষণে তলিয়ে গেছে উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পথ না থাকায় কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিবৃষ্টিতে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, শান্তিনগরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কগুলো তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।

দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা হাজী জাকির হোসেন জানান, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রধান সড়কে এখন হাঁটু পানি। বছরের পর বছর এই সমস্যা চললেও জনপ্রতিনিধিরা কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন, কোনো সমাধান হচ্ছে না।

ভুক্তভোগী শিখা আক্তার সায়মা আক্ষেপ করে বলেন, গত ৪-৫ বছর ধরে এই কষ্টে আছি। একটু বৃষ্টি হলেই রান্নাঘরে পানি ঢুকে পড়ে, রান্না করাও সম্ভব হয় না। রাতে পানিতে হাবুডুবু খেতে হয়। অপর বাসিন্দা খাইরুল আলম জানান, জলাবদ্ধতার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়ার পথও বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও নর্দমাগুলো দখল হয়ে যাওয়ায় এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।