সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু: বাড়িওয়ালার বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু: বাড়িওয়ালার বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, রাত ১১:২৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় আমিনুল ইসলামের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে।

স্বজনদের অভিযোগ, বাড়ির মালিক আমিনুল ইসলামের চরম গাফলতিতে এ প্রাণহানি ঘটেছে। তারা জানান, রুমের পাশের একটি টিনশেড ঘর বৈদ্যুতিক ত্রুটির কারণে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। বিকেলে খেলাধুলা করার সময় লামিয়া ওই ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে বাড়ির মালিক আমিনুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।