সারাদেশ

সীমাবদ্ধতাকে হার মানাল ইচ্ছাশক্তি: জিপ গাড়ি বানিয়ে তাক লাগালেন কলেজছাত্র সোহেল

প্রিন্ট
সীমাবদ্ধতাকে হার মানাল ইচ্ছাশক্তি: জিপ গাড়ি বানিয়ে তাক লাগালেন কলেজছাত্র সোহেল

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৪

অদম্য মেধা আর প্রবল ইচ্ছাশক্তির জোরে এবার বাজিমাত করেছেন রূপগঞ্জের কলেজছাত্র সোহেল মিয়া। ছোটবেলা থেকেই মেকানিক্যাল কাজের প্রতি ঝোঁক থাকা এই তরুণ নিজের জমানো টাকায় তৈরি করেছেন ব্যাটারিচালিত আধুনিক একটি মিনি জিপ গাড়ি। তাঁর এই উদ্ভাবন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোহেল মিয়া রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তিনি সরকারি মুড়াপাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি বালুর গদিতে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে দীর্ঘ তিন মাসের পরিশ্রমে তিনি এই গাড়িটি তৈরি করেন।

সোহেলের তৈরি জিপ গাড়িটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্রেক সিস্টেম, চালকসহ মোট ৫ জন যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারেন। ৪টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৮-১০ ঘণ্টা চার্জ দিলে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। গাড়িটির দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ সাড়ে ৩ ফুট। গাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা।

সোহেল মিয়া জানান, পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখেই তিনি এই বৈদ্যুতিক গাড়িটি তৈরি করেছেন। তিনি বলেন, নিজের জমানো টাকা দিয়ে তিল তিল করে পার্টস কিনে এটি বানিয়েছি। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরি করার স্বপ্ন রয়েছে আমার।

স্থানীয় বাসিন্দারা সোহেলের এই উদ্ভাবনী চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সীমিত সম্পদেও বড় কিছু করা সম্ভব, সোহেল তা প্রমাণ করেছেন। উপজেলা প্রশাসন সবসময় এমন সৃজনশীল উদ্যমীদের পাশে আছে। তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

বর্তমানে সোহেল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাড়িটি নিয়মিত ব্যবহার করছেন। মেধাবী এই তরুণের উদ্ভাবন এখন এলাকার অন্য তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।