সারাদেশ

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার: স্বর্ণালংকার উদ্ধার

প্রিন্ট
 ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার: স্বর্ণালংকার উদ্ধার

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১১:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার গাবতলী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কুখ্যাত ডাকাত মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার, সিসি ক্যামেরার ডিভিআর এবং ডাকাতিতে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হালিম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজারের নয়ন জুয়েলার্স থেকে লুণ্ঠিত স্বর্ণসহ নয়নকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের শনাক্তের পর একটি ডোবা থেকে গ্রিল কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। এদের মধ্যে বোচা হালিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩০টি ডাকাতি মামলা রয়েছে। শাহিন খাঁর বিরুদ্ধে ১৬টি এবং নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোররাতে ফতুল্লার পাগলা এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, র‌্যাবের সহায়তায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।