সারাদেশ

পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শ্রমজীবী মানুষরাই শিল্পী: ওবায়দুর রহমান

প্রিন্ট
পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শ্রমজীবী মানুষরাই শিল্পী: ওবায়দুর রহমান

প্রকাশিত : ১ মে ২০২৬, রাত ১২:২৭

মহান মে দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে দলটির মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর পৃথিবী বিনির্মাণে শ্রমজীবী মানুষরা প্রকৃত শিল্পীর ভূমিকা পালন করেন। মানবসভ্যতার প্রতিটি স্তরে তাদের অবদান অনস্বীকার্য।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমান যুগে প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও শ্রমিকের কায়িক শ্রম ছাড়া সমাজ অচল। অথচ পুঁজিবাদী রাষ্ট্র ও অর্থব্যবস্থার কারণে বিশ্বের অনেক দেশেই শ্রমজীবী মানুষরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

ওবায়দুর রহমান মৃধা বলেন, বুদ্ধি ও মননে শ্রমজীবী মানুষ হয়তো আধুনিক বিশ্বের তথাকথিত মেধাবীদের মতো নয়, কিন্তু কৃষি ও শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে তাদের শ্রম ছাড়া সভ্যতা টিকে থাকা অসম্ভব। আমরা অনেক সময় তাদের এই মহান অবদান যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হই।

১৮৮৬ সালের শিকাগোর হে-মার্কেটের শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, মে দিবস শ্রমিকের ন্যায্য মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং ট্রেড ইউনিয়নের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। আজকের এই সংহতি দিবসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশ্বজুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।