সারাদেশ

বন্দরে পুলিশের ওপর হামলা অস্ত্র ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর উদ্ধার: আটক ৫

প্রিন্ট
বন্দরে পুলিশের ওপর হামলা অস্ত্র ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর উদ্ধার: আটক ৫

প্রকাশিত : ১ মে ২০২৬, রাত ১১:০১

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান ও ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নেয়। হামলায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল গুরুতর আহত হয়েছেন। ঘটনার চার ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধারসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টহল ডিউটি চলাকালে কয়েকজন ব্যক্তি মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করলে পুলিশ তদন্তে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা কনস্টেবল ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সরকারি শর্টগানটি ছিনিয়ে নেয়। এ সময় এএসআই সোহেল রানাকেও কুপিয়ে আহত করা হয়।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কনস্টেবল ফয়সালকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ভোর ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচ থেকে ছিনতাই হওয়া শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে আলামিন, সিফাত, আমির, সালমা বেগম ও সাব্বির নামে একই এলাকার পাঁচজনকে আটক করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, বাকি অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা জেলাজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।