সারাদেশ

বন্দরে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ১ মে ২০২৬, রাত ১১:৩৮

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ খাদিজা আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ মে) ভোরে বন্দর ফরাজিকান্দা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (খ-জোন) এর ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে খাদিজা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় বস্তা তল্লাশি করে ১২টি প্যাকেটে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত খাদিজা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় আটটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।