স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ডহর মারুয়াদী গ্রামের আল আমিনের বিয়ে হচ্ছিল। বরপক্ষ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর খাবার পরিবেশনে দেরি এবং একপর্যায়ে খাবার সংকট দেখা দেয়। কনেপক্ষের দাবি, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত লোক নিয়ে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
খাবার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ একে অপরকে চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে। এতে বিয়ের আনন্দ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তাদের ৫ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে কনেপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি একটি তুচ্ছ ঘটনা থেকে উদ্ভূত পারিবারিক বিবাদ। দুই পক্ষই পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মতামত