স্থানীয় সূত্রে জানা গেছে, নোহাটা গ্রামের বাসিন্দা টিটন মোল্লা এবং একই গ্রামের আনিসুর রহমান কনক ও লিপটন মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে শুক্রবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলাম (৩৫), আরব আলী (৬৬), ও ইয়াহিয়াসহ (২০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালীন টিটন মোল্লা ও কনক-লিপটন গ্রুপের সমর্থকরা একে অপরের বাড়িতে পৈশাচিক হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় অন্তত ১০০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। লুণ্ঠিত হয়েছে কয়েক ডজন গবাদি পশু ও নগদ টাকা। ক্ষতিগ্রস্ত সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীরা আমার দুধের বাচ্চার মাটির ব্যাংকের জমানো টাকা পর্যন্ত লুটে নিয়েছে। ওদের শাস্তি না হলে এলাকায় শান্তি ফিরবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মতামত