সারাদেশ

নারায়ণগঞ্জে র‌্যাবের গোয়েন্দা দলের ওপর হামলা আহত ৩

প্রিন্ট
নারায়ণগঞ্জে র‌্যাবের গোয়েন্দা দলের ওপর হামলা আহত ৩

প্রকাশিত : ৫ মে ২০২৬, সন্ধ্যা ৮:৩৬

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র‌্যাব-১১-এর সাদা পোশাকের একটি গোয়েন্দা দলের তিন সদস্য। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে মাসদাইর বাজার সংলগ্ন বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে র‌্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাথায় ও শরীরে গুরুতর জখম থাকায় এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, দুপুরে র‌্যাব-১১-এর একটি গোয়েন্দা দল মাসদাইর এলাকায় মাদকের আস্তানা রেকি করতে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তিন র‌্যাব সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ও মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে। র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন,

মাদক ব্যবসায়ী ও সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের সাদা পোশাকের টিমের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।