সারাদেশ

বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রিন্ট
বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১০:৩৬

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধসহ এক বিক্রেতাকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাতে নবীগঞ্জ বাগবাড়ীস্থ রমজান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ওষুধ মজুদের সময় এক অসাধু বিক্রেতাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে থানায় না নিয়ে ছেড়ে দেন।

এলাকাবাসীর অভিযোগ, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তারা ওই বিক্রেতাকে ধরিয়ে দিলেও পুলিশ মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে মুক্তি দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে এসআই মামুনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।