সারাদেশ

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই শামীম ৬ সহযোগীসহ কক্সবাজারে গ্রেফতার

প্রিন্ট
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই শামীম ৬ সহযোগীসহ কক্সবাজারে গ্রেফতার

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১০:৪৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া ডজনখানেক মামলার আসামি ও বহিষ্কৃত যুবদল নেতা শামীম মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে ৬ সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সহযোগীরা হলেন, মানিক ঢালি, আব্দুল করিম, আবুল হোসেন, খালিদ হাসান, রুবেল হাসান ও মাসুদ মিয়া। তারা সবাই রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ মে ভোরে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীমকে গ্রেফতার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ঘেরাও করে হামলা চালায়। তারা পুলিশের গাড়ির চাকা কেটে দেয় এবং হাতাহাতির একপর্যায়ে একটি ওয়াকিটকি ও দুটি মোবাইলসহ শামীমকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অন্তত ২৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পর উদ্ধার হওয়া একটি ওয়াকিটকি গত ৬ মে পাওয়া গেলেও মোবাইল দুটি এখনো উদ্ধার হয়নি।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল কেন্দ্রীয় কমিটি শামীমকে দল থেকে বহিষ্কার করেছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং চনপাড়া এলাকায় অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।