সারাদেশ

বন্দরের ক্যাডার সোহেল মেম্বার গ্রেপ্তার এলাকায় স্বস্তি

প্রিন্ট
বন্দরের ক্যাডার সোহেল মেম্বার গ্রেপ্তার এলাকায় স্বস্তি

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১১:১২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল ওরফে ক্যাডার সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও জমি দখলসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জনপ্রতিনিধির পরিচয়ের আড়ালে সোহেল মেম্বার এলাকায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। নতুন ভবন নির্মাণ, ড্রেজার ব্যবসা ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে হামলা ও মারধর ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এছাড়া তার ছত্রছায়ায় এলাকায় মাদকের বড় নেটওয়ার্ক গড়ে ওঠে এবং সাধারণ মানুষের জমি দখলের অসংখ্য অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর সোহেলকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় দুর্ধর্ষ এই ক্যাডার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।