আধুনিক প্রযুক্তির সঙ্গে চাষিদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত এ কর্মশালায় উপজেলার প্রায় ৫০ জন মৎস্যচাষি অংশ নেন। প্রশিক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক ও এয়ারেটরের সঠিক ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং মাছের রোগ প্রতিরোধসহ আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাদমান সাকিব ও মো. মারুফুল হাসান। ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলস অফিসার মো. সিকান্দার।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় কর্মকর্তাদের পক্ষ থেকে চাষিদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী চাষিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে এবং খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
মতামত