সারাদেশ

মাদক নিয়ে সংবাদ প্রকাশ: সাংবাদিকের কার্যালয়ে হামলা ও লুটপাট

প্রিন্ট
মাদক নিয়ে সংবাদ প্রকাশ: সাংবাদিকের কার্যালয়ে হামলা ও লুটপাট

প্রকাশিত : ২০ মে ২০২৬, রাত ১১:৫৯

মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এস এম শাহিন আহমেদ নামের এক জ্যেষ্ঠ সাংবাদিকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহিন আহমেদ দৈনিক সচেতন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ফরাজিকান্দা এলাকার পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি সাগর ও তার স্ত্রী বিউটির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বুধবার দুপুরে ওই কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক শাহিনের ওপর হামলার চেষ্টা করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা একটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার ডিভিআর এবং ড্রয়ারে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক শাহিনকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সাগরের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। মাদক নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে।

এদিকে, সাংবাদিকের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযুক্ত মাদক কারবারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।