সারাদেশ

বন্দরে কুপিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই: দ্রুত বিচার আইনে মামলা গ্রেপ্তার ২

প্রিন্ট
বন্দরে কুপিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই: দ্রুত বিচার আইনে মামলা গ্রেপ্তার ২

প্রকাশিত : ২২ মে ২০২৬, সন্ধ্যা ৮:২৬

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ১৩ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার (২২ মে) বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে বন্দর শাহী মসজিদ সংলগ্ন বৌবাজার এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহতরা হলেন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের ছেলে নাহিদ (২২) এবং ক্রাউন সিমেন্টের বিক্রয়কর্মী মিসকাত (২৭)। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত আকস্মিকভাবে চাপাতি ও তলোয়ার নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে এবং সাথে থাকা ১৩ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী নাহিদের পিতা হান্নান সরকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সালেহনগর এলাকার মোঃ ইবাদুল্লাহর ছেলে পিয়াল হাসান (২৫) এবং শাহী মসজিদ এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে মোঃ হাসানকে (৪৫) গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সিফাত (৩০), নীরব (৩৫), সীমান্ত (২৮), শুভ (২৭) ও মিরাজ। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।