সারাদেশ

র‌্যাবের পৃথক অভিযান: ১১৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রিন্ট
র‌্যাবের পৃথক অভিযান: ১১৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ২৩ মে ২০২৬, রাত ১২:০০

নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দসহ সংঘবদ্ধ চক্রের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) ফতুল্লা ও বন্দর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৪২),  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ব কাশীপুর গ্রামের আ. মালেকের ছেলে মো. সুমন মিয়া (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় অপর এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বন্দর এলাকা থেকে উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।