সারাদেশ

ফতুল্লায় শিশু ধর্ষণ: এক ধর্ষককে গণপিটুনি সহযোগী গ্রেফতার

প্রিন্ট
ফতুল্লায় শিশু ধর্ষণ: এক ধর্ষককে গণপিটুনি সহযোগী গ্রেফতার

প্রকাশিত : ২৩ মে ২০২৬, বিকাল ৩:০৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী, অপরজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় একই এলাকার হিরু ও সোহেল শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরুকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত আড়াইটার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। অন্যদিকে, পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গণপিটুনির শিকার হিরু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর আসামি সোহেল থানা হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।