সারাদেশ

ফতুল্লায় স্মার্টফোন না পেয়ে বাবাকে কুপিয়ে জখম: ছেলে গ্রেপ্তার

প্রিন্ট
ফতুল্লায় স্মার্টফোন না পেয়ে বাবাকে কুপিয়ে জখম: ছেলে গ্রেপ্তার

প্রকাশিত : ৩ জুন ২০২৬, রাত ১১:৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাহিদামতো স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা কামাল মিয়াকে (৪৫) বঁটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তার ছেলে সালমান। বুধবার (৩ জুন) দুপুরে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত বঁটি।

এর আগে মঙ্গলবার দিনগত গভীর রাতে ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স মিল গলি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল মিয়া বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বেশ কিছুদিন ধরে একটি দামি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন সালমান। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে বাবা তা কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা বঁটি দিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন ও আর্থিক বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।