সারাদেশ

দুই কিডনিই বিকল কিশোরী জিসার: মেয়েকে বাঁচাতে কিডনি দিতে চান মা

প্রিন্ট
দুই কিডনিই বিকল কিশোরী জিসার: মেয়েকে বাঁচাতে কিডনি দিতে চান মা

প্রকাশিত : ৪ জুন ২০২৬, রাত ১২:০২

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের গয়ারী গ্রামের প্রয়াত সাংবাদিক জিয়াউর রহমানের মেয়ে জিসা আক্তার জিনিয়া (১৭) দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। চিকিৎসকদের মতে, জিসাকে বাঁচানোর একমাত্র উপায় দ্রুত কিডনি প্রতিস্থাপন। মেয়ের জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত মা নুরী বেগম। তবে প্রতিস্থাপনের বিশাল খরচ জোগাতে হিমশিম খাচ্ছে অসহায় পরিবারটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ বছর ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে জিসা। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষায় তার দুটি কিডনিই সম্পূর্ণ অকার্যকর ধরা পড়ে। কান্নাজড়িত কণ্ঠে মা নুরী বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর অন্যের জমিতে থেকে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। মেয়ের চিকিৎসার পেছনে যা ছিল সব শেষ। মা হিসেবে নিজের কিডনি দিতে আমি প্রস্তুত, কিন্তু অপারেশনের বিপুল টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ আক্তার দুলু জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। চিকিৎসার সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে মেধাবী এই শিক্ষার্থীর জীবনটি রক্ষা পেতে পারে। অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করতে ইচ্ছুকরা সরাসরি যোগাযোগ বা সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়।

ব্যাংক অ্যাকাউন্ট: নুরী বেগম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হিসাব নম্বর: ২০৫০১৯৫০২০২৯৬৪৪০৯

বিকাশ নম্বর: ০১৯১৭-৭৭০৩৭৫