সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা: বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা: বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ৪ জুন ২০২৬, রাত ১০:৪৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ব্যবসায়ীর পৈতৃক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় আদালত অবমাননার দায়ে ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও চৌরাঙ্গি গ্রুপের স্বত্বাধিকারী কাজী আব্দুস সাত্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় নিজেদের জমিতে তারা দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন। জমিটির পক্ষে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ২৭ মে সকালে বিএনপি নেতা ইকবাল হোসেনের মদদে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই জায়গায় হামলা চালায় এবং জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। তাৎক্ষণিক ৯৯৯-এ কল করা হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দখলদাররা পালিয়ে যায়।

কাজী আব্দুস সাত্তার আরও অভিযোগ করেন, জমি দখলে ব্যর্থ হয়ে ওই চক্রটি এখন তার বিরুদ্ধে ২ কোটি টাকার কাল্পনিক চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই জবরদখলকারী চক্রের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি বিএনপি হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এই ঘটনায় গত ২ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে শোকজ জারি করেন এবং বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন।