সারাদেশ

বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার

প্রকাশিত : ৫ জুন ২০২৬, রাত ১১:৫০

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ আক্রান্ত ও অস্ত্র লুট মামলার এজাহারভুক্ত আসামি এবং চিহ্নিত ছিনতাইকারী মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বন্দর দক্ষিণ কলাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক ওই এলাকার মনির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার তদন্তে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয় পুলিশ। ওই সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের কুপিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে। মানিক ওই চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে অভিযান চালিয়ে দক্ষিণ কলাবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, মানিক ও তার গ্যাং দীর্ঘদিন ধরে দক্ষিণ কলাবাগ, ঝাউতলা এবং চৌধুরী বাড়ি এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। গভীর রাতে বাড়িফেরা পথচারীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করাই ছিল তাদের মূল কাজ। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সহযোগীদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।