সারাদেশ

রূপগঞ্জে এনসিপির মঞ্চে হামলা: ছাত্রদল-যুবদল নেতাসহ আসামি ১২০ গ্রেপ্তার ২

প্রিন্ট
রূপগঞ্জে এনসিপির মঞ্চে হামলা: ছাত্রদল-যুবদল নেতাসহ আসামি ১২০ গ্রেপ্তার ২

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ৯:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের প্যান্ডেল ও মঞ্চে দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদল ও যুবদলের নেতাসহ ২০ জনের নাম উল্লেখ এবং ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সম্পাদক মারুফ মোল্লা, সহ-সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ এবং দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিলয় (২১) ও রাজু মিয়াকে (১৯) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মামলা রুজু করা হয়েছে এবং এজাহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৬ জুন (শনিবার) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আসার আগেই মোটরসাইকেল বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ জনের একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা প্যান্ডেল, চেয়ার-টেবিল ও মঞ্চ ভাঙচুর করে এবং ৪টি সাউন্ডবক্স, মাইক ও মৌসুমী ফল লুট করে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির আল ফারাবি, রাবেয়া আক্তার, শহিদুল রাজ ও সাখাওয়াত হোসেন তারেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।