সারাদেশ

সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রিন্ট
সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ৯:৩০

পাবনার সাঁথিয়া উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. শামসুর খান (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুর খান ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে নিজ বসতবাড়ির উঠানের একটি গাছে আম পাড়তে ওঠেন শামসুর খান। এ সময় গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং বুক ও ঘাড়ে গুরুতর আঘাত পান।

স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করমজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই কৃষকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।