সারাদেশ

ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

প্রিন্ট
ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১০:৫৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাফরুল হাসান লিসানকে লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আনোয়ার ২০২৫ সালের একটি ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

লিসান থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গোদনাইল এলাকায় নিজের জমিতে দোকান নির্মাণ করতে গেলে যুবদল নেতা আনোয়ার তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে আনোয়ার ও তার সহযোগীরা আবারো এসে বাধা দেন। এর প্রতিবাদ করায় আনোয়ার হাতে থাকা লোহার শাবল দিয়ে লিসানের মাথায় ও শরীরে আঘাত করে রক্তাক্ত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।