সারাদেশ

বন্দরে পারিবারিক কলহে সন্ত্রাসী হামলা: নারীসহ আহত ৩ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

প্রিন্ট
বন্দরে পারিবারিক কলহে সন্ত্রাসী হামলা: নারীসহ আহত ৩ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১১:১৬

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক প্রবাসী ও দুই নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীদের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৫ জুন) দুপুরে বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাতার প্রবাসী রাসেল মিয়া (৩৪), তাঁর সৎ মেয়ে নিঝুম (২৫) ও স্বজন প্রিয়া আক্তার (১৯)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল মিয়া বাদী হয়ে বাবু, ইমন, আলামিন, রুমা, সুমা ও মুন্নীসহ ১২ জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মাহমুদনগর এলাকার প্রিয়া আক্তারের সাথে দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে বাবু এবং তার বোন রুমা ও সুমার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত শুক্রবার দুপুরে বাবু ও তার সহযোগীরা প্রিয়া আক্তারকে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে প্রিয়ার ভাবি নিঝুম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিঝুমের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে এবং ২টি স্মার্টফোন ও কাতারের আইডি কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে কাতার প্রবাসী রাসেল মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।