সারাদেশ

জনপ্রতি একটার বেশি অটোরিকশার লাইসেন্স নয়: নাসিক প্রশাসক

প্রিন্ট
জনপ্রতি একটার বেশি অটোরিকশার লাইসেন্স নয়: নাসিক প্রশাসক

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১১:৪৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এখন থেকে কোনো ব্যক্তিকে একটার বেশি ব্যাটারিচালিত অটোরিকশার নম্বর প্লেট বা লাইসেন্স দেওয়া হবে না। একই সাথে যিনি লাইসেন্স পাবেন, তাকেই গাড়ি চালাতে হবে।

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় সিটি প্রশাসক বলেন, অটোরিকশার লাইসেন্স বা নম্বর প্লেট বরাদ্দের জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি তদন্ত করে নিশ্চিত করবে যেন কোনো ব্যক্তি একটির বেশি লাইসেন্স বা লোগো না পান। প্রয়োজনে লাইসেন্সের সংখ্যা কমিয়ে আনা হবে।

তিনি আরও জানান, অনুমোদিত চালকদের সিটি কর্পোরেশন থেকে আইডি কার্ড দেওয়া হবে। শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। নিয়ম মেনে আবেদনকারীদের একটি করে লাইসেন্স দেওয়া হবে এবং শর্ত অনুযায়ী লাইসেন্সধারী নিজেই গাড়ি চালাবেন।

নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম এবং চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।