সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বাড়িতে হামলা ও অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বাড়িতে হামলা ও অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১০ জুন ২০২৬, বিকাল ৫:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষিকার বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (১০ জুন) বিকেলে রেশমা আক্তার নামে ওই স্কুল শিক্ষিকা তার নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি প্রশাসনের জরুরি সহযোগিতা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারটি।

ভুক্তভোগী শিক্ষিকা রেশমা আক্তার অভিযোগ করেন, তার ৪.৫ শতাংশ জমির ওপর নির্মিত বাড়িটি নিজের দাবি করে বিক্রির চেষ্টা করছেন তার স্বামী তাজুল ইসলাম। যা নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় আছে। ওই সম্পত্তি তাজুল ইসলামের কাছ থেকে বায়না সূত্রে কেনার দাবি করে নারায়ণগঞ্জ মহানগর গণ-অধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়া ও আব্দুল কাদির গত ৬ জুন দলবল নিয়ে বাড়িতে হামলা চালান উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন স্কুল শিক্ষিকা। হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, জমির দলিল ও সার্টিফিকেটসহ জরুরি সব কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারটি আরও জানায়, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্তরা। এরই অংশ হিসেবে ফেসবুকে অত্যন্ত অশ্লীল ভাষা ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এর ফলে একদিকে সম্পত্তি দখল ও হামলার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হেনস্থার কারণে সামাজিকভাবেও হেয় হচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারটি।