সারাদেশ

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৬

প্রিন্ট
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত : ১০ জুন ২০২৬, রাত ১০:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভোরে উপজেলার গোলাকান্দাইল, বরপা, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়ার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৫ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মকবুল হোসেন (২৯), ও বাবু লাল (২০), আকাশ মিয়া (২৪), ফরহাদ হোসেন (২২),  রনি মিয়া (২৬), দিল মোহাম্মদ দিলু (৩০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

থানা থেকে ৬ জন গ্রেপ্তারের তথ্য দিলেও গণমাধ্যমে ৫ জনের ছবি পাঠানো নিয়ে তৈরি হয় কৌতূহল। এ বিষয়ে জানতে চাইলে ওসি জানান, আসামিদের ছবি তোলার সময় হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। ফলে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত ছবি তুলতে গিয়ে অপর আসামিকে আর গারদখানা থেকে বের করা সম্ভব হয়নি।