সারাদেশ

বন্দরে ইয়াবাসহ ধরা পড়ে নারী মাদক কারবারির ১ বছরের সাজা

প্রিন্ট
বন্দরে ইয়াবাসহ ধরা পড়ে নারী মাদক কারবারির ১ বছরের সাজা

প্রকাশিত : ১০ জুন ২০২৬, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের বন্দরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুফিয়া বেগম (৫২) নামে এক নারী মাদক কারবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে বন্দর থানার মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সুফিয়া বেগম মাহমুদনগর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, বন্দরে মাদক ও অপরাধ প্রবণতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সুফিয়া বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে এই দণ্ড দেওয়া হয়।

মাদক ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এমন তৎপরতা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।