সারাদেশ

আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা স্বামী গ্রেপ্তার: ভিডিও ভাইরাল

প্রিন্ট
আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা স্বামী গ্রেপ্তার: ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৫০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনলাইন জুয়ার টাকা না পেয়ে তানিয়া (২৬) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী মাজারুল ইসলাম সবুজকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর গ্রামের সবুজের সাথে ১২ বছর আগে তানিয়ার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি জুয়ায় ৭০ হাজার টাকা হেরে তিনি স্ত্রীর কাছে পিত্রালয় থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে বিরোধের জেরে গত ৯ জুন তানিয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি (ব্রাহ্মন্দী মধ্যপাড়া) চলে যান।

গত ১৩ জুন রাতে সবুজ শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর তানিয়াকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা চালান। তানিয়ার চিৎকারে স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং সবুজকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আসে। তিনি জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।