সারাদেশ

ফতুল্লায় প্রতিবেশীর ২ বছরের শিশু অপহরণ: চাষাড়া থেকে উদ্ধার গ্রেফতার ২

প্রিন্ট
ফতুল্লায় প্রতিবেশীর ২ বছরের শিশু অপহরণ: চাষাড়া থেকে উদ্ধার গ্রেফতার ২

প্রকাশিত : ১৫ জুন ২০২৬, বিকাল ৫:২৩

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। একই সাথে অপহরণের সাথে জড়িত দুই প্রতিবেশী অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে শহরের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও শিশুকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। তারা ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবার এবং গ্রেফতারকৃতরা পাশাপাশি বাসায় ভাড়া থাকত। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই শিশুটিকে কোলে নিত ও আদর করত। এরই জেরে গত ১২ জুন সকালে আদর করার ছলে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সুজন ও মাজেদা। পরে তারা ফোন করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুকে হত্যার হুমকি দেয়।

ভিকটিমের পরিবার বিষয়টি র‌্যাব-১১-কে জানালে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। পরে রবিবার রাতে চাষাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহরণকারী সুজন ও মাজেদাকে হাতেনাতে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।