সারাদেশ

বন্দরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা: অভিযুক্ত মাদক ব্যবসায়ী দম্পতি

প্রিন্ট
বন্দরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা: অভিযুক্ত মাদক ব্যবসায়ী দম্পতি

প্রকাশিত : ১৫ জুন ২০২৬, রাত ৯:১৬

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতা ও অর্থ লেনদেনের জের ধরে রাজু (২২) নামে এক যুবককে কৌশলে ডেকে এনে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ী দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। রবিবার (১৪ জুন) বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজু বন্দর শাহী মসজিদ দত্তবাড়ি এলাকার আসাদ মিয়ার ছেলে।

গুরুতর আহত অবস্থায় পুলিশ রাজুকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ইউনিয়নের পুরানবন্দর খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চড়া সুদের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে নাজমা ও তার স্বামী শফিকুল ইসলাম। তাদের সাথে সুদের টাকা ও মাদক লেনদেন নিয়ে রাজুর বিরোধ চলছিল। এর জেরে গত রবিবার নাজমা কৌশলে ফোন করে রাজুকে চৌধুরী বাড়ি এলাকায় ডেকে আনে। রাজু মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছামাত্র নাজমা ও শফিকুলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সাধারণ মানুষ যাতে এগিয়ে না আসে, সেজন্য তারা চারপাশে কৃত্রিম মব তৈরি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলা চলাকালে শফিকুল রামদা দিয়ে রাজুর হাতে কোপ দিলে হাতের কব্জি ও প্রধান রগ কেটে যায়। একই সময় নাজমা সুইচ গিয়ার দিয়ে রাজুর তলপেটে আঘাত করে। রাজু মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাজুকে উদ্ধার করে।

চিকিৎসকরা জানিয়েছেন, রাজুর পেট ও হাতের জখম অত্যন্ত গুরুতর। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বন্দর থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।