সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ চক্রের ৭ সদস্য আটক

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ চক্রের ৭ সদস্য আটক

প্রকাশিত : ১৯ জুন ২০২৬, রাত ১১:৩২

ঠাকুরগাঁও শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত লক্ষাধিক টাকার জাল নোটসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ ঠাকুরগাঁও সদর থানা পুলিশের সহায়তায় শহরের চৌরাস্তা এলাকার হোটেল প্রাইম ও হোটেল সালাম-এ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, বরিশালের আরিফ হোসেন (৪০), মাদারীপুরের এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জের চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুরের শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুরের সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বারের ইসমাইল হোসেন (৩২)। তাদের কাছ থেকে মোট ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে চক্রের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের দুটি হোটেলে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।