সারাদেশ

সোনারগাঁয়ে ১৩ লাখ টাকার বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগ

প্রিন্ট
সোনারগাঁয়ে ১৩ লাখ টাকার বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগ

প্রকাশিত : ২১ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৪৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধক রাখা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী মো. হারুন রবিবার (২১ জুন) সোনারগাঁ থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম সঞ্জিত কর্মকার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাসিন্দা মো. হারুন জমি কেনার উদ্দেশ্যে তার প্রতিবেশী ও জয় বাবা লোকনাথ জুয়েলার্সের মালিক সঞ্জিত কর্মকারের কাছ থেকে ৪ লাখ ৬০ হাজার টাকা ঋণ নেন। ঋণের বিপরীতে তিনি ৫ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন এবং একটি সাদা কাগজে স্বাক্ষর দেন।

ভুক্তভোগীর দাবি, বন্ধক রাখা ওই স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা। সম্প্রতি তিনি ঋণের টাকা পরিশোধ করে স্বর্ণ ফেরত চাইলে সঞ্জিত কর্মকার গড়িমসি শুরু করেন। গত ২৫ এপ্রিল বিকেলে দোকানে গিয়ে স্বর্ণ ফেরত চাইলে হারুনকে অপমান-হেনস্তা করা হয় এবং একটি কথিত সাদা কাগজ দেখিয়ে স্বর্ণ দিতে অস্বীকৃতি জানানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সঞ্জিত কর্মকার বলেন, অভিযোগকারীর কাছে আমার সুদের টাকা পাওনা রয়েছে। পাওনা পরিশোধ করলে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হবে। অথবা স্বর্ণের পরিবর্তে টাকা নিতে চাইলে তাও দেওয়া সম্ভব।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।