সারাদেশ

শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ

প্রিন্ট
শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ

প্রকাশিত : ২২ জুন ২০২৬, রাত ৯:১৭

মাগুরার শ্রীপুর উপজেলায় শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, গোলবার উদ্বোধন ও স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ, গোলবার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ সোহাগ মাহমুদ, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। একই সাথে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।